আমার রাত পোহালো শারদ প্রাতে।
বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে।
তোমার বুকে বাজল ধ্বনি
বিদায়গাথা, আগমনী, কত যে--
ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে॥
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে।
সময় যে তার হল গত
নিশিশেষের তারার মতো--
শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে॥
.
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫
Amar Rat Pohalo Sharod Prate - আমার রাত পোহালো শারদ প্রাতে।
শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি
পরের মন নিয়ে কী হবে।
আপন মন যদি বুঝিতে নারি,
পরের মন বুঝে কে কবে।
অবোধ মন লয়ে ফিরি ভবে,
বাসনা ফাঁদে প্রাণে হা হা রবে,
এ মন দিতে চাও দিয়ে ফেলো
কেন গো নিতে চাও মন তবে।
স্বপন সম সব জানিয়ো মনে,
তোমার কেহ নাই এ ত্রিভুবনে;
যে জন ফিরিতেছে আপন আশে,
তুমি ফিরিছ কেন তাহার পাশে।
নয়ন মেলি শুধু দেখে যাও,
হৃদয় দিয়ে শুধু শান্তি পাও।
তোমারে মুখ তুলে চাহে না যে,
থাক্ সে আপনার গরবে।
.
রাগ: ভৈরবী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫
Ami tomaro Songe Bedhechi Amaro Praan - আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে--
তুমি জান না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে॥
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ--
তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
রঙিন ছায়ার আচ্ছাদনে॥
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি।
বাঁশরি বাজাই ললিত-বসন্তে,
সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে॥
.
রাগ: বাহার-সোহিনী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
jhara Pata Go Ami Tomari Dale - ঝরা পাতা গো আমি তোমারি দলে
ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে॥
ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে সেজেছ তুমি কি এ।
খেলিলে হোলি ধূলায় ঘাসে ঘাসে
বসন্তের এই চরম ইতিহাসে।
তোমারি মতো আমারো উত্তরী
আগুন-রঙে দিয়ো রঙিন করি--
অস্তরবি লাগাক পরশমণি
প্রাণের মম শেষের সম্বলে॥
.
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ ফাল্গুন, ১৩৩৭
রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ মার্চ, ১৯৩১
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
Tomar Khola Hawa - তোমার খোলা হাওয়া
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
টুকরো ক'রে কাছি
ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি।
সকাল আমার গেল মিছে,
বিকেল যে যায় তারি পিছে গো ---
রেখো না আর, বেঁধো না আর
কূলের কাছাকাছি।
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে,
ডরব না তার ভ্রূকুটিতে;
দাও ছেড়ে দাও ওগো, আমি
তুফান পেলে বাঁচি।
.
রাগ: সারিগান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর
রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
Bhalobashi Bhalobashi - ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি--
এই সুরে কাছে দূরে জলে স্থলে
বাজায় বাঁশি॥
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি॥
সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী,
ভোলা দিনের কাঁদন-হাসি॥
.
রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1331
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫
মাঝে মাঝে তব দেখা পাই
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না?।
ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়,
হারাইয়া ফেলি চকিতে ॥
কী করিলে বলো পাইব তোমারে,
রাখিব আঁখিতে আঁখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ,
তোমারে হৃদয়ে রাখিতে?
আর কারো পানে চাহিব না আর,
করিব হে আমি প্রাণপণ--
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা
বিসর্জন ॥
.
রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন