মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই॥
চলে যায় দিন, যতখন আছি পথে
যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের হাসি
দেখিতে যে চাই--
তাই অকারণে গান গাই॥
ফাগুনের ফুল যায় ঝরিয়া
ফাগুনের অবসানে--
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া,
আর কিছু নাহি জানে।
ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ,
গান সারা হবে, থেমে যাবে বীন,
যতখন থাকি ভরে দিবে না কি এ খেলারই ভেলাটাই--
তাই অকারণে গান গাই॥
-
রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬
মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই।
কাল রাতের বেলা গান এলো মোর মনে,
কাল রাতের বেলা গান এলো মোর মনে,
তখন তুমি ছিলে না মোর সনে॥
যে কথাটি বলব তোমায় ব’লে কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে—
তখন তুমি ছিলে না মোর সনে॥
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তোমায় যাব বলে।
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে,
পাখির গানে আকাশ গেল পূরে,
সেই কথাটি লাগল না সেই সুরে যতই প্রয়াস করি পরানপণে—
যখন তুমি আছ আমার সনে॥
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
আমি হেথায় থাকি শুধু
গাইতে তোমার গান,
দিয়ো তোমার জগৎসভায়
এইটুকু মোর স্থান।
আমি তোমার ভুবন-মাঝে
লাগি নি নাথ, কোনো কাজে--
শুধু কেবল সুরে বাজে
অকাজের এই প্রাণ।
নিশায় নীরব দেবালয়ে
তোমার আরাধন,
তখন মোরে আদেশ কোরো
গাইতে হে রাজন্।
ভোরে যখন আকাশ জুড়ে
বাজবে বীণা সোনার সুরে
আমি যেন না রই দূরে
এই দিয়ো মোর মান।
বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
Amar Moner Koner Baire - মনের কোণের বাইরে -
মনের কোণের বাইরে
আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥
কোন্ অনেক দূরে উদাস সুরে
আভাস যে কার পাই রে--
আছে-আছে নাই রে॥
আমার দুই আঁখি হল হারা,
কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা।
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কাঁপে হৃদয় তাই রে--
গুন্গুনিয়ে গাই রে॥
-
রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬
ভোরের বেলা কখন এসে পরশ করে গেছ হেসে॥
ভোরের বেলা কখন এসে পরশ করে গেছ হেসে॥
আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে—
জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে॥
মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।
মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।
হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো—
জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে॥
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০১৬
Ratri Ese Jethae Meshe - রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে ॥
সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আঁধার আলোয়--
সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে ॥
নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী,
নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি।
মুখের পানে তাকাতে যাই, দেখি-দেখি দেখতে না পাই--
স্বপন-সাথে জড়িয়ে জাগা, কাঁদি আকুল ধারে ॥
-
রাগ: ভৈরব
তাল: ত্রিতাল বা একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ আশ্বিন, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়,
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় !
-